ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার হাবিবপুর, কবিরপুর, ঝাউদিয়া ও নিত্যানন্দনপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে পাগলা কুকুরের হঠাৎ তাণ্ডবে অন্তত ১৫ জন শিশু, নারী ও পুরুষ আহত হয়েছেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। আক্রান্তদের মধ্যে ১২ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকেই গ্রামের বিভিন্ন প্রান্তে হঠাৎ এক উন্মত্ত কুকুর মানুষকে কামড়ে আহত করতে শুরু করে। রাস্তায় চলাফেরা করা শিশু, বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষিকাজে ব্যস্ত নারীসহ সাধারণ পথচারীরাও কুকুরটির আক্রমণের শিকার হন। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে অনেকেই শিশু ও বয়স্ক। তাদের শরীরের বিভিন্ন অংশে কামড়ের গভীর ক্ষত তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে।
রঘুনন্দনপুর গ্রামের এক বাসিন্দা জানান, “হঠাৎ করে কুকুরটা মানুষকে কামড়াতে শুরু করে। এখনো কুকুরটি ধরা পড়েনি। আমরা খুবই আতঙ্কে আছি। শিশুদের বাইরে যেতে দিচ্ছি না।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত ওই কুকুরটিকে আটক ও নিধনের দাবি জানিয়েছে। তাদের আশঙ্কা, কুকুরটি জলাতঙ্কে (রেবিস) আক্রান্ত হয়ে থাকতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
এ বিষয়ে শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় কুকুরটিকে আটক বা নিধন করার চেষ্টা চলছে।”
এই ঘটনায় এলাকাজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
