রাজশাহী জেলার বাগমারা উপজেলায় শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত যুবকের নাম আবদুল মমিন (৩৮)। তিনি উপজেলার মোহনপুর গ্রামেরই বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিকভাবে অসুস্থ আবব্দুল মমিন অবিবাহিত ছিলেন। প্রায়ই রাতের বেলায় তিনি একা ঘুরতে বের হতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা খামারের পাশে একটি বৈদ্যুতিক তারে তাঁর নিথর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ‘ঈদ সামনে রেখে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কয়েকদিন আগে এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে গেছে। তাই খামার রক্ষায় রাত ১২টার পর থেকে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেছিলাম।’
এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আব্দুল মমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তকরা হবে।
