ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামের নূর আলম ও আবদুর রউফের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূর আলম ও আবদুর রউফের মধ্যে জায়গা ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
