ইতিহাস গড়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে জয়ী হয়েছেন ঋষি সুনাক। এরপর প্রথমবারের মতো দিয়েছেন ২ মিনিটের কম সময়ের ভাষণ। সেখানে প্রথম ভাষণেই দেশটির সামনে থাকা গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন তিনি।
সংক্ষিপ্ত ভাষণে সুনাক জানান, নম্রতা ও সততার সঙ্গে ব্রিটিশ জনগণের সেবা করে যাবেন। এ সময় সুনাক তার ভাষণে দেশ ঘোরতর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছেন। এ জন্য তিনি দেশে স্থিতিশীলতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে দলে ঐক্যেরও ডাক দেন।
আগামী ৩১ অক্টোবরেই দেশটিতে একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করার কথা রয়েছে। এই পরিকল্পনায় যুক্তরাজ্যের অর্থনৈতিক অবস্থা উন্নত করার চেষ্টায় কিছু কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে। আপাতত সুনাক ভাষণে তার করণীয় নিয়ে কিছু কথা বলেছেন।
অন্যদিকে দেশটির বিরোধীদল লেবার পার্টি আবারও সাধারণ নির্বাচনের ডাক দিয়েছে। তবে সুনাক আগাম নির্বাচন নাকচ করেছেন এবং দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা দল শেষ হয়ে যাবে।
