তাইওয়ানকে ঘিরে আবারও বড় ধরনের সামরিক কার্যক্রম শুরু করেছে চীন। শনিবার (২০ আগস্ট) দ্বীপটির চারদিকে ২১টি চীনা যুদ্ধবিমান ও পাঁচটি যুদ্ধজাহাজ চক্কর দিয়েছে বলে দাবি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। দেশটি বলছে, এরই মধ্যে বেশ কয়েকটি যুদ্ধবিমান অবৈধভাবে তাইপের সীমানায় প্রবেশ করেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বেইজিং। খবর এনডিটিভির।চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দফায় দফায় তাইওয়ান প্রণালির আশপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। একই সঙ্গে অবৈধভাবে দ্বীপটির আকাশসীমায় চীনা যুদ্ধবিমান প্রবেশ করেছে বলে দাবি করা হয়।
শনিবার (২০ আগস্ট) আবারো চীনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, দ্বীপটি ঘিরে বড় ধরনের সামরিক কার্যক্রম চালানো শুরু করেছে বেইজিং। এদিন তাইওয়ান ঘিরে ২১টি চীনা যুদ্ধবিমান ও ৫টি যুদ্ধজাহাজ চক্কর দিয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে চারটি যুদ্ধবিমান তাইওয়ান ও চীনের অলিখিত সীমা অতিক্রম করেছে বলে দাবি তাইপের।নতুন করে চীনের সামরিক কার্যক্রমে বসে নেই তাইওয়ান। দ্বীপটির সেনাবাহিনী জানায়, চীনের সামরিক কর্মকাণ্ডের মুখে নজরদারি ও পাল্টা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে নৌবাহিনীর জাহাজ ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।তাইপে দাবি করলেও সামরিক কার্যক্রম নিয়ে মুখ খোলেনি বেইজিং। যদিও কয়েকদিন ধরেই কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে চীনের সেনাবাহিনী।
চীনের নজিরবিহীন মহড়ার পর নিজেদের বহরে থাকা সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান প্রকাশ্যে এনেছে তাইওয়ান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, নিজেদের অত্যাধুনিক যুদ্ধবিমানের রাত্রিকালীন মহড়া চালিয়েছে তাইপে।এদিকে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ান ইস্যুতে নাক গলাচ্ছে বলে অভিযোগ করেছে বেইজিং। শুক্রবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রাজনৈতিক সংকট সৃষ্টি না করে যুক্তরাষ্ট্রের উচিত ‘এক চীন নীতি’ সমর্থন করা।তাইওয়ান ইস্যুতে একেবারে তলানিতে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। দুপক্ষের উত্তপ্ত বাকযুদ্ধ আর কর্মকাণ্ডে দিন দিন পরিস্থিতির আরও অবনতি স্পষ্ট হচ্ছে।তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। তবে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবেই দেখে তাইওয়ান। চলতি মাসে ন্যান্সি পেলোসি ও মার্কিন আইনপ্রণেতাদের সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুদেশের মধ্যে।
