মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা যত দীর্ঘায়িত হচ্ছে ততই শক্তিশালী হচ্ছে রুশ মুদ্রা রুবল। অন্যদিকে গ্যাস সংকটে নাকাল ইউরোপের অনেক দেশ। ইতোমধ্যেই রাশিয়া বেশিরভাগ দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় আগামী শীত মৌসুম নিয়ে চরম আতঙ্কে তারা।

মস্কোর বিরুদ্ধে পশ্চিমারা যে অর্থনৈতিক লড়াই জারি রেখেছে তা কোনো কাজেই আসছে না। মস্কোর বদলে উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা নিজেরাই। অপরদিকে রুবলের মান বাড়ায় এখন আগের চেয়েও বেশি শক্তিশালী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিষেধাজ্ঞাকে এখন ইউরোপের বিরুদ্ধেই ব্যবহার করছেন তিনি। নিষেধাজ্ঞায় ক্ষতির থেকে লাভই বেশি হচ্ছে রাশিয়ার। অপরদিকে তেল ও গ্যাসের অভাবে নাকাল ইউরোপ।সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনের অভ্যন্তরে গ্যাসের দাম এক বছরে তিনগুণ হয়েছে। গ্যাস সংকটে ভুগছে জার্মানি, হাঙ্গেরিসহ ইউরোপের প্রায় সব দেশ। আসন্ন শীতে তাই ইউরোপকে ‘জমিয়ে দিতে’ পুতিনের সামনে কোনো বাধা নেই। নর্ড স্ট্রিম ১-এর মতো বড় বড় পাইপলাইন থেকে ইতোমধ্যে ৮০ শতাংশ পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন তিনি।

এদিকে ইউরোপে গ্যাস না দিয়ে এশিয়ায় স্মরণকালের সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি রফতানি করেছে রাশিয়া। ফলে মস্কোর ‘ব্যালেন্স অব পেমেন্টে’ নজিরবিহীন উদ্বৃত্ত তৈরি হয়েছে। এ বছরের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর তালিকাতেও ঢুকে গেছে রুবল।অপরদিকে দেশের অভ্যন্তরে রাশিয়া বর্তমানে নতুন পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে। রাশিয়ায় ফেলে যাওয়া পশ্চিমাদের ব্যবসাগুলো অনেকটা বিনামূল্যেই পেয়ে যাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। রাশিয়ার ভেতরে মার্কিন ম্যাকডোনাল্ডের জায়গা নিয়ে নিয়েছে দেশটির মালিকানাধীন ‘ভুশনো অ্যান্ড টশকা’।পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে এশিয়ায় রাশিয়াকে ঘিরে নতুন একটি অর্থনৈতিক জগৎ একত্রিত হচ্ছে। দেশটির সঙ্গে চীন, ইরান ও তুরস্কের মতো দেশগুলোর বাণিজ্য বেড়েছে। এমনকি ভারত ও মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাল মেলাচ্ছে তাদের সঙ্গে।

ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব ও এর জনগণকে মন্দার মুখে পড়তে হয়েছে। ইউরোপের প্রায় সব দেশে জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। বিভিন্ন দেশে নেতৃত্বের আসন টালমাটাল, ছড়িয়ে পড়েছে নিরাপত্তাহীনতা। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আগামীতে রুশ আশ্বাসের অপেক্ষায় দিন গুনতে হতে পারে গ্যাস সংকটে পড়া জার্মানি, হাঙ্গেরিসহ অন্যান্য দেশকে।এতদিন মনে করা হতো, পশ্চিমা বিশ্ব নিজেদের ইচ্ছেমতো বিশ্বব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবে। আর সেখানেই বাদ সেধেছেন পুতিন। অনেকটা ইচ্ছা করেই দীর্ঘায়িত করছেন ইউক্রেন যুদ্ধ। অন্তত আগামী শীতের আগে যে যুদ্ধ শেষ হচ্ছে না তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে মস্কো।