হিজরি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় এক টুইট বার্তায় তুরস্ক ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি এই শুভেচ্ছা জানান তিনি।

টুইট বার্তায় এরদোয়ান বলেন, হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে আমি অন্তরের অন্তস্তল থেকে তুরস্ক ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরপর তিনি সবার কল্যাণ কামনা করে আরো লেখেন, নতুন বছরে মহান আল্লাহর কাছে পুরো মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। শুভেচ্ছা বার্তার শেষে এরদোয়ান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। টুইট বার্তায় পবিত্র মসজিদুল হারামের ছবিসংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়। তাতে আরবি ও তুর্কি ভাষায় লেখা আছে―‘শুভ হোক হিজরি বর্ষ’।