পাহাড় ধ্বংসের কাজে ড্রেজার মেশিন ব্যবহারের অভিনব অপকৌশল ধরা পড়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৩ পর্যন্ত হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে পাহাড়ের মাটি এবং বালু উত্তোলনের সময় ড্রেজার এবং ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ড্রেজার দিয়েও পাহাড় কাটার অভিনব পদ্ধতি দেখলাম আজকে।
‘পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলা ছরায় ড্রেজার বসিয়ে দিয়ে বালু তুলতে থাকলে আপনা আপনি বালুর পাহাড় ধ্বসে পড়বে। এরপর সেই বালু উত্তোলন করা হয়। একসময় সেই এলাকা বিশাল এক পুকুরে পরিণত হয়। বুঝাই যাবে না এখানে পাহাড় ছিল, সেই পাহাড়ে নাকি গাছ ছিল।
ইউএনও রুহুল আমিন বলেন, জব্দকৃত ড্রেজার মেশিনটি নিয়ে আসা হয়েছে। মেশিনটি কৃষির সেচ কাজে ব্যবহার করা যায় কিনা কৃষি বিভাগের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে।
