দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজারের ফেবুসাডাঙ্গা এলাকা থেকে পুলিশের পরিচয়ে চাঁদা আদায়ের সময় আকাসাদ দৌল্লা (৪৫) ও বাশার বিপুল (৪২) নামে দুইজন ভুয়া পুলিশকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। গত ১১ অক্টোবর রোববার রাত ১০টায় ফতেজংপুর ইউনিয়নের ফেবুসাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।সোমবার দুপুরে দুই ভুয়া পুলিশকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে চিরিরবন্দর থানা পুলিশ।

আকাসাদ দৌল্লা সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ও বাশার বিপুল মুন্সিপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে বলে জানাগেছে।

পুলিশ জানায়, দেবীগঞ্জ বাজার এলাকায় কৃষক আবুল হোসেনের বাড়িতে পুলিশ সদস্য পরিচয় দিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিলে চিরিরবন্দর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চিরিরবন্দর অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে।