নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গণধর্ষন ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নরসিংদীর পলাশ উপজেলা চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত তারুণ্য,পলাশের পাপড়ি ও স্বপ্নপুরন সংঘ নামের ৩টি সামাজিক সংগঠনের শিক্ষার্থীরা এ বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।

পলাশ উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের কাছে সংগঠনের নের্তৃবৃন্দরা আট দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।এদিকে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল চলাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেয় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

“ধর্ষকের কোন ধর্ম নেই,সমাজে তোর স্থান নেই”,”ধর্ষকের বিচার চাই,ঘরে ঘরে হবে হারকিউলিস ভাই”,“চল যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে”, “ধর্ষকের লাগাম ধরো, মা-বোনকে রক্ষা কর”, “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই” প্রভৃতি প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাপড়ির সভাপতি শেখ রাশেল, স্বপ্নপুরণ সংঘের সভাপতি সাব্বির হোসেন ভুইয়া ও উদ্দীপ্ত তারুণ্যের সভাপতি রফিকুল ইসলাম শান্ত প্রমুখ। এ সময় বক্তারা দেশ ব্যাপী চলমান ধর্ষণ, নারীর প্রতি সহিংসতায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।