গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে দিতে হয়েছে ৩ হাজার ৭০০ টাকা। সিলেট বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দীর্ঘদিন ধরে বিআরটিএতে দালালের মাধ্যমে ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করে আসছিলেন সেবাপ্রার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুদক সিলেট জেলা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ সিলেটের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গাড়ির ফিটনেস নবায়নে হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জানা যায়, গত ১৭ নভেম্বর ফিটনেস নবায়নের জন্য মোট ৭১টি আবেদন জমা পড়ে। এর মধ্যে একটি গাড়ি পরিদর্শনের সময় ইঞ্জিন নম্বরে নীল কালির বিশেষ গোল চিহ্ন দেওয়া হয়। ইঞ্জিন নম্বরসহ সবকিছু সঠিক থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা নম্বর সঠিক নয় বলে জানান।
পরবর্তীতে একজন দালাল এসে টাকা দাবি করেন। তাকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন সম্পন্ন হয় বলে দুদকের অভিযানে উঠে আসে।
দুদক জানায়, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।
বার্তা পেরক
আবু মুসা সরকার

মন্তব্য করুন