সিলেট নগরের ফ্রিডম জেনারেল হাসপাতালের NICU বিভাগ সিলগালার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের হাসপাতালে রাখার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। তবে এ সময়ে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ফ্রিডম জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাসুদ রানার সঙ্গে ফোনে কথা বলে এ নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাসুদ রানা দৈনিক বাংলাদেশ মিডিয়া কে জানান, ফোনালাপে ম্যাজিস্ট্রেট বলেছেন, চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের NICU-তে রাখা যাবে। তিনি বলেন, ‘সবার আগে জীবনের মূল্য। তাই আমি এই অনুমতি দিচ্ছি। বাচ্চা দুটি সুস্থ হয়ে বাড়ি ফিরলে তখন এসে NICU সিলগালা করে দেওয়া হবে।’ একই সঙ্গে নতুন কোনো রোগী ভর্তি না নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। এ সময় তাঁকে সহযোগিতা করেন সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও মহানগর পুলিশ সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন, NICU-তে দুই শিশু চিকিৎসাধীন থাকায় মানবিক দিক বিবেচনায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর বিভাগটি সিলগালা করার কথা ছিল।

এদিকে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাসুদ রানা জানান, অভিযানে হাসপাতালের কিছু কার্যক্রমে অসংগতি পাওয়ায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি NICU বিভাগের কিছু কাগজপত্রে ত্রুটি থাকায় সেটি সিলগালার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের কাজ চলছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও দাবি করেন, গতকালের অভিযান নিয়ে কয়েকটি গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরনের সংবাদ পরিবেশনের নিন্দা জানান তিনি।