বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে জাপানের বহুজাতিক অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা। ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি (এইচইভি) উৎপাদন কারখানার নির্মাণকাজ শুরু করে ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ পরিকল্পনার কথা জানায় টয়োটা তুশো কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

টয়োটা তুশোর ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এ সময় বাংলাদেশে টয়োটার ব্যবসা সম্প্রসারণ, সম্ভাব্য বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদল জানায়, ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’, এই উন্নয়ন দর্শনকে সামনে রেখে দেশে টয়োটার উৎপাদন কার্যক্রম গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় গাড়ি শিল্পের বিকাশ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।