বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও অসদাচরণের মামলায় জামিন পাননি জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। এক দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজেদুল ইসলাম তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে।

মামলাটি করা হয় ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে ঘিরে। মামলার এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগ্‌বিতণ্ডা ও হুমকির অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া নিষিদ্ধ এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণ, জমজমের পানির বোতল ছুড়ে মারা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণের অভিযোগও রয়েছে।

২ অক্টোবর ক্যান্টনমেন্টের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়।