খুলনায় রূপসা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে খুলনা রেলওয়ে ইয়ার্ডে ট্রেনটি ওয়াশপিটে নেওয়ার সময় দুটি বগির ১২টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি খালি থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রা বিলম্বিত হয়। একই সঙ্গে সীমান্ত এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। লাইনচ্যুত বগি সরিয়ে মেইন লাইন সচল করার পর নকশীকাঁথা এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে বিকল্প ব্যবস্থায় সীমান্ত এক্সপ্রেসও রাত ২টার দিকে খুলনা থেকে ছেড়ে যায়।

খুলনা স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন বলেন, দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।

Facebook Comments Box