ঢাকা
০৩ জুলাই ২০২৬

মেধা ও মননের স্বীকৃতি: হাফেজ ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা জ্ঞাপন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
মেধা ও মননের স্বীকৃতি: হাফেজ ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা জ্ঞাপন

১০০ হাফেজ ও এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী ৫ শিক্ষার্থীকে সম্মাননা

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উইটন ইন্টারন্যাশনাল স্কুল (ডব্লিউআইএস) ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) হিফজ ও এ লেভেল সমাবর্তন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১০০ জন হাফেজে কোরআন এবং এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী পাঁচ শিক্ষার্থীর হাতে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডব্লিউআইএস ও জিআইএসে এক হাজারের বেশি শিক্ষার্থী হিফজুল কোরআন অধ্যয়ন করছে। আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান দুটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। সমাবর্তন বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ. এফ. এম. খালিদ হোসেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিক্ষাবিদ, আলেম, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ জামান বলেন, সমাবর্তন শুধু শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং নতুন দায়িত্ব ও আদর্শিক জীবনের সূচনা। তিনি বলেন, কোরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সমন্বয়ে যোগ্য ও আদর্শবান নাগরিক গড়ে তোলাই প্রতিষ্ঠানের লক্ষ্য।

প্রধান অতিথি সুলতান সালাহউদ্দিন টুকু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আধুনিক শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ তরুণ প্রজন্মই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবর্তন বক্তা ড. এ. এফ. এম. খালিদ হোসেন বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কোরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা ইসলামিক নাশিদ, আবৃত্তি, নাট্য পরিবেশনা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। সমাপনী বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও ইসলামিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa