গাজীপুরের কালীগঞ্জে মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। আহত এসআই জাবেদ ওমরকে (২৮) ঢাকার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের গাড়িচালক রাব্বি (২৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি অহিদ মিয়াকে (৪৫) তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে পুলিশের গাড়িটি থানায় ফেরার পথে সরকারি শ্রমিক কলেজের সামনে সাময়িকভাবে থামে।

এ সময় এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও গাড়িচালক রাব্বি সড়কের পাশে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলছিলেন। তখন ঘোড়াশালমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে ভোর ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে মারা যান এসআই মিজানুর রহমান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।