তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

সোমবার, ০১ জুন ২০২৬ | ৮:৫৯ অপরাহ্ণ

তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার
apps

সুনামগঞ্জের তাহিরপুরে এক ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের চেষ্টার ঘটনায় এজাহারভুক্ত এক পলাতক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানিক দল।

র‍্যাব জানায়, নিহত আব্দুর মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজাই এলাকার বাসিন্দা। গত ১৭ মে গভীর রাতে চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা ভারতীয় বিড়িসহ কয়েকজনকে ধাওয়া করলে তারা আব্দুর মিয়ার বাড়ির উঠানে বিড়ি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বিড়ি জব্দ করে নিয়ে যান।

এর কিছুক্ষণ পর অভিযুক্তরা আব্দুর মিয়ার বাড়িতে গিয়ে তাকে এ ঘটনার জন্য দায়ী করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির পেছনে টর্চলাইটের আলো দেখতে পেয়ে আব্দুর মিয়া বাইরে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা রাজাই এলাকার একটি পতিত কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামি হেলাল মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি তাহিরপুর উপজেলার রাজাই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com