প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে রাজশাহীর পবা উপজেলায় খামারিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ রুমের সুবিধা থাকবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা শেড স্থাপন, পশু বীমা চালু এবং খামারিদের ঋণপ্রাপ্তির জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষি খাতে প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ। বর্তমানে প্রায় ৯৪ হাজার কোটি টাকার এই অর্থনীতিকে আরও বেগবান করে ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ খাত বড় ভূমিকা রাখবে।
তিনি খামারিদের নিম্নমানের গো-খাদ্য ব্যবহার ও অনিয়মিত অ্যান্টিবায়োটিক প্রয়োগ পরিহারের আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে নিয়মিত পশুর টিকাদান, মান সম্মত খাদ্য সরবরাহ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এতে পশুর রোগবালাই কমার পাশাপাশি উৎপাদন ও খামারিদের আয় বাড়বে।
খামারিদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে তিনি আরও বলেন, পবায় আধুনিক সুবিধাসম্পন্ন একটি পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ রুম থাকবে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ চিকিৎসা শেড স্থাপন এবং ব্যাংকঋণ পেতে খামারিদের জটিলতা নিরসনে খামারি ও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রান্তিক খামারিদের আর্থিক নিরাপত্তায় পশু বীমা চালুর প্রস্তাবও সরকারের কাছে তুলে ধরা হবে।
ইউএনও বলেন, প্রান্তিক ও নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, নগদ অর্থ এবং সহজ শর্তে ঋণের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা আরও উৎসাহিত হবেন এবং প্রাণিসম্পদ উৎপাদন বাড়বে।
স্বাগত বক্তব্যে পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল লতিফ প্রাণিসম্পদ খাতকে ‘জীবন্ত ব্যাংক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার অন্যতম অবলম্বন প্রাণিসম্পদ। গার্মেন্টস শিল্পের চেয়েও বেশি নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ফলে নারীর কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ।
পবা উপজেলার উৎপাদন চিত্র তুলে ধরে তিনি জানান, উপজেলায় বছরে দুধের চাহিদা ৫১ হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ৫১ দশমিক ৩০ হাজার মেট্রিক টন। মাংসের চাহিদা ২৩ হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ২৩ দশমিক ২ হাজার মেট্রিক টন। এ ছাড়া ডিমের বার্ষিক চাহিদা ৮ কোটি ৭ লাখ ৬০ হাজারের বিপরীতেও উৎপাদন হচ্ছে চাহিদার বেশি। অর্থাৎ দুধ, মাংস ও ডিম উৎপাদনে পবা উপজেলা উদ্বৃত্ত অবস্থানে রয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা পূরণেও ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগান সামনে রেখে পবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে। সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় উপজেলার সফল দশ জন খামারিদের সম্মাননা স্মারক প্রদান হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ, শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর আলী এবং পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সোহরাব খান। খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন শুভ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী দেওয়ান সাদেক আহমেদ মাস্টার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শতাধিক সফল খামারি ও নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন