নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর ব্যস্ততম জামালখান থেকে নূর আহমদ সড়ক পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
​চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে কোতোয়ালী থানাধীন জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
​অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন একশ্রেণির দখলদার। এতে ওই সব সড়কে তীব্র যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বৃহস্পতিবারের অভিযানে সড়ক ও ফুটপাতজুড়ে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাগুলো দখলমুক্ত করা হয়।
​এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার এবং ২টি লোহার বক্স জব্দ করা হয়।
​উচ্ছেদ অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এবং নগরীর সড়ক-ফুটপাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে চসিক কর্তৃপক্ষ জানিয়েছে।