নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও সাভার শিল্পাঞ্চলে থামছে না শ্রমিক অসন্তোষ। সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই সাভারের হেমায়েতপুরে উত্তেজনা শুরু হয়। তবে বিপরীত চিত্র দেখা গেছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে, অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক চলছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশের কঠোর পদক্ষেপে জমায়েত ভেঙে গেলেও এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং বিক্ষিপ্তভাবে শ্রমিকরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সাভার ও আশুলিয়া অঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কর্মবিরতি চলছে ১০টিতে এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ১০টি কারখানায়।
বন্ধ ২২ কারখানা হলো- আউটলেট স্টিচ লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মন্ডল নিটওয়্যার লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লিমিটেড, হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, ভার্চুয়াল বটমস লিমিটেড, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, ইসলাম ড্রেসেস লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, পাইওনিয়্যার এপারেলস লিমিটেড, ম্যাক্সকম ইন্টা. বিডি লিমিটেড, লুসাকা গ্রুপ এবং ও-মুসলিম এ্যাপারেলস লিমিটেড। এ ছাড়া অন্যান্য ব্যবস্থাপনায় বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড।এ ছাড়া ন্যূনতম মজুরি দাবিতে কর্মবিরতি চলছে অরও ১০ কারখানায়।

মন্তব্য করুন