মাথার ব্যথা সারানোর আশ্বাসে সিএনজি রিজার্ভ করে নিজের সরকারি বাংলোতে ডাকা, কথোপকথনে ‘আঙ্কেল’ ডাকায় ক্ষোভ প্রকাশ এবং দুই লাখ টাকার লেনদেন ঘিরে এক অডিও ক্লিপকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফাঁস হওয়া ওই অডিও ক্লিপের পর বুধবার (২৫ নভেম্বর) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে এ নিয়ে নানা গুঞ্জন চলছে।
​ফাঁস হওয়া কথোপকথনে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কণ্ঠ শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। অডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ এ সময় ওই নেত্রী কোনো ধরনের জটিলতা বা সমস্যার আশঙ্কা প্রকাশ করলে ওসির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’
​কথোপকথনের এক পর্যায়ে যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে ওসি তাতে অসন্তোষ প্রকাশ করেন বলে অডিওতে উঠে আসে। এ ছাড়া দুই লাখ টাকা নেওয়ার পরও কেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হলো—এমন প্রসঙ্গও দুইজনের আলাপচারিতায় স্থান পেয়েছে।
​উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পরপরই এই অডিও রেকর্ডটি সামনে আসে।
​অডিওটি ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি দাবি করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার প্রস্তাব দিয়েছিলেন।
​তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন ওসি ফয়জুল আজিম নোমান। অডিওতে নিজের কণ্ঠ থাকার বিষয়টি স্বীকার করলেও তিনি দাবি করেন, এটি ছিল আসামিকে ধরার একটি কৌশল বা ভিন্ন পন্থা। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে বিষয়টি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।