চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির বাড়তি গেট ফ্রি স্থগিত, কাটল অচল অবস্থা

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ১২:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির বাড়তি গেট ফ্রি স্থগিত, কাটল অচল অবস্থা
apps

দীর্ঘ অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এবং প্রাইমমুভারের প্রবেশে বাড়তি হারে আরোপ করা গেট ফি স্থগিত করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর, ২০২৫) দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
​চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

​বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, অর্থনীতির স্বার্থে এবং আমদানিকৃত পণ্য ডেলিভারির অচলাবস্থা কাটাতে এই গেট মাশুল বৃদ্ধি পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থগিত থাকবে।

​তিনি আরও বলেন, মাশুলের হার পুনর্নির্ধারণের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে। সেই চূড়ান্ত অনুমোদন না আসা পর্যন্ত বর্তমান স্থগিতাদেশ বলবৎ থাকবে।

​উপস্থিত শ্রমিক ও মালিক প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে তারা তাদের কাজে ফিরে যাবেন। বন্দরের বাইরে অপেক্ষমাণ প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান এখন ডেলিভারি ও রপ্তানি কার্যক্রমে নিয়োজিত হবে।

​উল্লেখ্য, নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির প্রতিবাদে ১৪ অক্টোবর রাত থেকে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছিলেন। আন্তঃজেলা ট্রাক মালিক সমিতিও একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিল। এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টরা চার ঘণ্টার কর্মবিরতি পালন করায় দেশের প্রধান এই সমুদ্রবন্দরে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। এই স্থগিতাদেশের ফলে সেই অচলাবস্থার অবসান হলো।

Development by: webnewsdesign.com