রাজশাহী জেলার পুঠিয়ায় ভুট্টাক্ষেতে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে মো. ফিরোজ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ রাজশাহীর পুঠিয়া উপজেলার উৎালপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন।

র‌্যাব-৫ জানায়, নিহত ভিকটিম একজন গৃহিণী। গত ২৬ মে বিকাল সাড়ে ৫টার দিকে পালিত ছাগল আনার জন্য তিনি উজালপুর বিলে যান। ছাগল নিয়ে বাড়ি না আসলে তার ছেলে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে উজালপুর বিলে যান এবং তার মায়ের পালিত দুটি ছাগল বাঁধা অবস্থায় দেখতে পান। তখন মাকে না পেয়ে খোঁজা-খুজির একপর্যায়ে ৬ জনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে উজালপুর গ্রামের ইদ্রিস নামে এক কৃষকের ভুট্টা ক্ষেতের মধ্যে এক নারীর ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। তখন ওই নারীর ছেলে ওড়না সরিয়ে তার মায়ের লাশ শনাক্ত করেন। তাকে ২৬ মে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টার মধ্যে যে কোনো সময় ঘটনাস্থলে অজ্ঞাতনামা কারণে হত্যা করেছে বলে ওই নারীর ছেলে জানান।

র‌্যাব আরও জানায়, এ নারকীয় হত্যাকাÐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় পুঠিয়া থানায় নিহত নারীর ছেলে বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-৪, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার বিকেলে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকা থেকে ওই হত্যাকাণ্ডের অন্যতম আসামি ফিরোজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, এটি ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি চলমান থাকবে।