ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাস যাত্রী বাদল ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ইরফান পরিবহনের বাসটি উপজেলার কুট্টাপাড়া ব্যাগ ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুর্ঘটনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।