সিরাজগঞ্জের কাজিপুরে শিমুলদাইড় গ্রামে এক শিক্ষকের বাড়ির ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে করে ওই শিক্ষকের নগদ অর্থ সহ অন্তত সাড়ে পাঁচ লক্ষ টাকা খোয়া গেছে বলে জানা যায় ।
এ ঘটনায় শনিবার (৯ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত শিক্ষক রবিউল হাসান নান্নু বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিউল হাসান উপজেলার গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে যান শিক্ষক রবিউল হাসান। শনিবার সকালে ওই শিক্ষক তাঁর এক প্রতিবেশীর মোবাইল কলে চুরির ঘটনা জানতে পেরে ঢাকা থেকে বাড়ি আসেন। এসে দেখেন দুর্বৃত্তরা ঘরের চারটি কক্ষের তালা ভেঙে জিনিসপত্র তছনছ করেছে। এ সময় তিন ভরি সোনার গহনা, চার ভরি রূপার গহনা, বিদ্যালয়ের জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে সম্প্রতি প্রদান করা একটি ল্যাপটব, একটি প্রজেক্টর, একটি মনিটর, বিদ্যালয়ের কাজের জন্য ঘরে রাখা বিআরবি কেবল ও একটি সিঙ্গার সেলাই মেশিনসহ নগদ পঞ্চাশ হাজার টাকাসহ ওই শিক্ষকের মোট সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
শিক্ষক রবিউল হাসান নান্নু বলেন, ‘আমরা গত বুধবার বাড়ির সব দরজায় তালা ঝুলিয়ে পরিবার নিয়ে ঢাকায় ঘুরতে যাই। এরই মধ্যে আজকে (শনিবার) সকালে এক প্রতিবেশী কল দিয়ে জানায় আমার বাড়িতে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে বাড়িতে আসি। এসে দেখি ঘটনা সত্য। পরে আজকে বিকেলে কাজিপুর থানায় একটি অভিযোগ দিয়েছি।’
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ‘ওই শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিকেলেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
