মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজ গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর আওতায় সিরাজগঞ্জের কাজিপুরে স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার।
এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেঘাই দাখিল মাদ্রাসার সুপারিনটেন্টেন্ড মাওলানা মোঃ কামারুজ্জামান, মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম , মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন সহ পুরস্কারপ্রাপ্ত বিদ্যালয়সমূহের শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ । উপজেলার মোট ৩৩ জন মনোনীত শিক্ষার্থী এই পুরস্কার লাভ করেছে। পরে অতিথি বৃন্দ পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষের মনোনীত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মনোনীত শিক্ষার্থী ১০ হাজার টাকা এবং এইচ এস সি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ২৫ হাজার টাকা প্রাপ্ত হয়।
