সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে জেলা শিশু একাডেমী মাঠে দিনব্যাপী জাতীয় পেনশন মেলা-২০২৫ শুরু হয়েছে। যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম. জিয়াউদ্দীন আল-মামুন। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বসা স্টল ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন,“অবসরজীবনের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলার মাধ্যমে জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”
মেলায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন,“পেনশন মেলা একটি সময়োপযোগী উদ্যোগ। আমাদের অনেক নাগরিক এখনো জানেন না যে, বেসরকারি চাকরিজীবীরাও এই পেনশন সুবিধার আওতায আসতে পারেন। তাই সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রফিকুল আলম ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেনশন মেলার মাধ্যমে জনগণকে পেনশন স্কিম খোলার জন্য আগ্রহী করে তোলা হবে। যখন মানুষের আয়ের কোনো উৎস থাকবে না তখন মানুষকে চিন্তা করতে হবে না। এ পেনশন পেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। অন্যের দ্বারস্থ হতে হবে না। এ জন্য সকল সচেতন নাগরিককে পেনশন খোলার ব্যাপারে অনুরোধ করা যাচ্ছে। সরকার জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ পেনশন স্কিমের আয়োজন করেছে।
মেলায় জেলা প্রশাসন, রাজশাহী সিটি করপোরেশন, বিভিন্ন ব্যাংক, বিমা কোম্পানি, ইউডিসি, এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টল অংশ নেয়। এসব স্টলে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের পদ্ধতি, সুবিধা এবং প্রাসঙ্গিক তথ্য তুলে ধরা হয়।
মেলায় আগত এক বেসরকারি চাকরিজীবী বলেন,“পেনশন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য— এমনটি আগে ভাবতাম। আজ এখানে এসে বুঝলাম, আমরাও এই সুবিধা নিতে পারি। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও এ ধরনের মেলার আয়োজন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজশাহীতে অনুষ্ঠিত পেনশন মেলা সাধারণ মানুষের মাঝে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. যোবায়ের হোসেন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) লায়লা নূর তানজু।
