বাজারে হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বস্তিতে পড়েছেন বাজার করতে আসা মানুষেরা। এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম দুই থেকে আট টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গেলো এক সপ্তাহ থেকে দাম বেড়েছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, মোকাম ও আড়তগুলোতে চালের দাম বেড়েছে। চালকল মালিকরা ঈদের পর চালের দাম বাড়িয়েছেন। সামনে হয়ত আরও বাড়তে পারে।
শনিবার (২১ জুন) রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়। চাল বিক্রেতারা বলছেন, বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরু তথা মিনিকেট চালের দাম এখন বাড়তি। সরু চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা ও মাঝারি চালের দামও বাড়ছে।
চালের বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগের চেয়ে এখন প্রতি কেজি চাল ২ থেকে ৫ টাকা টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল (বিআর-২৮/পারিজা) মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা দরে। সরু চালের মধ্যে জিরাশাইলের কেজি ৭৪ থেকে ৭৮ টাকা এবং মিনিকেট ৭৬ থেকে ৮০ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে।
খুচরা বিক্রেতারা বলছেন, গত এক সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ছয় থেকে আট টাকা বেড়েছে। আর মোটা ও মাঝারি চালের দাম কেজিতে বেড়েছে দুই-তিন টাকা। মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা সাধারণত মিনিকেট চাল বেশি খান।
চাল বিক্রেতা খালেক বলেন, সম্প্রত প্রতিকেজি চালের দাম গড়ে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে সব ধরনের চালেরেই এখন কিছুটা দাম বেড়েছে। বিশেষ করে মাঝারি ও ভালো মানের চালের চাহিদা যেমন বেশি, তেমনি তার দামও বাড়তির দিকে। প্রতি সপ্তাহেই পাইকারি বাজার থেকে আমরা কিছুটা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
সাহেব বাজারের চাল ক্রেতা আ: কাদের বলেন, বাজারে অন্যান্য পণ্যের দাম তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও চালের দাম স্থির নয়। সবজির দাম বাড়লে না নিলেও চলে, কিন্তু চাল তো প্রতিদিনের প্রধান খাদ্য। দাম বাড়লেও চাল কিনতেই হয়। এটাই আমাদের সবচেয়ে বড় অসহায়ত্ব। কম আয়ের মানুষের জন্য এই বাড়তি চাপ মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে।
