সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয়নের সোনামুখী আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার সংলগ্ন গাক অফিসের নিকটে সড়ক দুর্ঘটনায় বাস উল্টে একজন নিহত হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে আটটায় কোনাবাড়িগামী জেনিন পরিবহন বাস উল্টে সড়কের পাশে পড়ে যায় । এতে পরিবহনের (নম্বর- ঢাকা মেট্রো- ব- ১৩১০৫৭) ওই বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত ব্যক্তির নাম আয়নাল হক (৫৮)। তিনি পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। তিনি সোনামুখী বাজারে চালের ব্যবসা করতেন। এই ঘটনায় আহত হয়েছে আয়নালের পুত্রবধু মিম খাতুন (২৭) এবং তার দশ বছর বয়সী সন্তান এবং গাছাবাড়ি গ্রামের হাসি খাতুন (৪৮)। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী রৌহাবাড়ি গ্রামের জিয়াউল হক বলেন, রাস্তার পাশে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ওই বাসটি রাস্তার পাশে উল্টে গেলো। তখন দৌঁড়ে সেখানে যাই। এসময় গাক অফিসের কয়েকজন এগিয়ে আসে। আমরা গ্লাস ভেঙ্গে মোট চারজনকে উদ্ধার করি। এসময় একজনকে মুখ থেতলানো অবস্থায় বের করি। ততক্ষণে সে মারা গেছে। ওই বাসের একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ওই বাসের যাত্রী আহত হাসি খাতুনের পুত্র । কিন্তু তিনি তার নাম পরিচয় জানাতে পারেননি।
সংবাদ পেয়ে কাজিপুর থানা পুলিশ এবং কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যান। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বাসটি উঠানোর মতো কোন যন্ত্র আমাদের এবং এখানকার ফায়ার সার্ভিসের নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
