ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে এক হৃদয়ছোঁয়া বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯জুন ) সকাল ১১টার দিকে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষক- শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) মোঃ রেহান উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সাহস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য সৎ, নিষ্ঠাবান ও আত্মপ্রত্যয়ী হওয়া অপরিহার্য।

তিনি আরও বলেন, পরীক্ষা জীবনের একটি ধাপমাত্র। এর পরেও রয়েছে আরও বড় দায়িত্ব—নিজেকে সত্য, সততা ও জ্ঞানের আলোয় আলোকিত করা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আহসান উদ্দিন খান (শিপন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মাজহারুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অরুয়াইল শাখার সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সফলতা কামনা করেন। এরআগে কলেজ ক্যাম্পাসে অস্থায়ী মসজিদ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।