সিরাজগঞ্জের কাজিপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আসামী আব্দুল মজিদ মিনুকে (২৬ ) দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও সর্বসাধারণ। এসময় আসামীকে গ্রেফতারের জন্য থানা পুলিশ ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।
রবিবার (১ জুন) বেলা সাড়ে এগারোটায় উপজেলার মেঘাই পুরাতন বাজার এলাকায় একটি মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ। পূর্বঘোষিত এই কর্মসূচিতে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে মিছিল করতে করতে মানববন্ধনে যোগ দেন সাধারণ জনগণ। পরে বিভিন্ন স্লোগান দিতে দিতে একটি মিছিল সিরাজগঞ্জ -মেঘাই আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে অবস্থান নেয়। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা আসামী মিনুকে ধরার জন্য পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরে কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে আশ্বস্ত করলে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা।
মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় বলেন, ‘শিশু আছিয়ার ঘটনার ৮০ দিন পেরিয়ে না যেতেই কাজীপুর এক বিভৎস ঘটনার সাক্ষী হলো। ২৩ তারিখের ঘটনার ৮ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু প্রশাসন এখনও আসামীকে গ্রেফতার করেনি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা ছিল মিনু। তারপরও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।’
তিনি আরও বলেন, ‘যদি কোন প্রেতাত্মা ভর করে এই ইস্যুকে বিলম্বিত করে তাহলে সাধারণ জনতা আইন নিজের হাতে তুলে নিবে এবং এর দ্বায়ভার সম্পূর্ণ প্রশাসনের।’
আরেক শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘আমরা ওসি স্যারের কথায় আশ্বস্ত হয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছি। ২৪ ঘণ্টার মধ্যে আসামীকে আটক করতে না পারলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘সাধারণ শিক্ষার্থী ও জনগণ আজকে মানববন্ধন করেছে। আমরা আসামীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা করছি।’
গত ২৩ মে বিকেলে কাজিপুরের মেঘাই গ্রামের শিশুটিকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এঘটনায় পরে ২৯ মে কাজিপুর থানায় একটি মামলা দয়ের করেন শিশুটির বড় ভাই। আসামী আব্দুল মজিদ মিনু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজিপুর সদর ইউনিয়নের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।
