দিনাজপুরের বীরগঞ্জে গণসচেতনতা চর্চায় শিক্ষার্থীদের উদ্ভদ্ধকরনের নিমিত্তে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সনদপত্র ও মেডেল বিতরণ অনুষ্ঠান বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি করা এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করা।

বুধবার (২৮মে) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় ও বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আবু সামা মিঞা ঠান্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ্, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারিনা পারভীন ।
এসময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক নজরুল ইসলাম খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাসেদা খাতুন ফেন্সি, জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষক মোঃ মসলিম উদ্দীন ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বীরগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। বিতর্কের চূড়ান্ত পর্বে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পক্ষে এবং বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল, দুর্নীতি দমনে রাজনৈতিক স্বদিচ্ছাই মুখ্য ভুমিকা রাখতে পারে। এই বিতর্কে বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতি দমন ও প্রতিরোধের গুরুত্ব যা গণতন্ত্রের অগ্রযাত্রায় অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছায়ার কড়াল গ্রাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। আর দুর্নীতির বিরুদ্ধে সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।