রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লাঞ্চার শেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মহানগরীর মির্জাপুর বউ বাজার এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। পরে বিকেলে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক।

তিনি বলেন, মির্জাপুর বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির শ্রমিকরা মাটি কাটার সময় নিচে একটি রকেট লাঞ্চার শেল দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে মির্জাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করে। আরএমপির সিটিটিসি বিভাগকে অবহিত করা হয়। পৌনে ৩টায় আরএমপির বোম ডিসপোজাল ইউনিটের ৪ সদস্যের বিশেষ দল শেলটি ধ্বংস করে। ধ্বংসের কাজটি সম্পন্ন হয় মতিহার থানার আওতাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে।

তিনি বলেন আরও, শেলটি পুরোনো হলেও তা বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো উদ্ধার ও ধ্বংসের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।