ভারতীয় উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রোববার (২১ আগস্ট) শুরু হতে যাওয়া দলটির সভাপতি নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে, সোনিয়া গান্ধীও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পুনরায় দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন। গান্ধী পরিবারের বাইরে নতুন কেউ দলটির সভাপতি হতে চলেছেন কি না, তা নিয়ে ভারতের রাজনীতিতে এখন আলোচনা তুঙ্গে। খবর হিন্দুস্তান টাইমসের।২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ভারতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধী। এরপর থেকে নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। প্রতিবার কংগ্রেস সদস্যদের আবেদন প্রত্যাখ্যান করে দলের প্রধান প্রচারক হিসেবেই দায়িত্ব পালন করছেন রাহুল। আর কংগ্রেসের নেত্বত্ব সামলাচ্ছেন তার মা সোনিয়া গান্ধী।
কয়েক দিন ধরেই, ২০২৪ লোকসভা নির্বাচন সামনে রেখে দলীয় সভাপতি কে হবে, এ নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পুনরায় সভাপতির দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান সোনিয়া। তাই অনেকেই ভাবছিলেন হয়তো আবারও দেখা যাবে রাহুল গান্ধীকে। তবে, শনিবার (২০ আগস্ট) সেই আশার গুড়ে বালি দিলেন রাহুল নিজেই। জানালেন, রোববার (২১ আগস্ট) শুরু হওয়া দলটির সভাপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি।এ যখন অবস্থা, তখন নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতীয় গণমাধ্যম বলছে, ১৩৭ বছর বয়সী দলটির বেশির ভাগ সদস্য এখনো গান্ধী পরিবারকে সামনে রেখেই লড়াই করতে আগ্রহী। যার কারণে নেতারা চাচ্ছেন প্রিয়াঙ্কাকে প্রধান বানাতে। যদিও নিজের সিদ্ধান্ত জানাননি রাজিবকন্যা।এদিকে গান্ধী পরিবারের বাইরে যদি সভাপতি নির্বাচিত করা হয়, তাহলে সেই তালিকায় সবার আগে আছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এর আগে সবশেষ ১৯৯৮ সালে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি হন সীতারাম কেশরী।
