যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সবচেয়ে বড় শহরে গেল নয় মাসে অন্তত তিনজন মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ বলছে, ধর্ম ও বর্ণের কারণেই তারা লক্ষ্যবস্তু হয়েছেন।গেল ১০ দিনে আলবুকারেক অঞ্চলে একটি মসজিদের দুই মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়। তাদের প্রাণহানির সঙ্গে নভেম্বরে এক আফগান অভিবাসী হত্যার সম্পর্ক থাকার জোরালো শঙ্কা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
শহরের পুলিশ বলছে, তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় তারা অতর্কিত হামলার শিকার হয়েছেন। আগে থেকে সতর্ক হওয়ার কোনো সুযোগ পাননি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আলবুকারেক অঞ্চলের পুলিশের উপকমান্ডার কিয়েল হার্টসক বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের মধ্যে ধর্ম ও বর্ণের মিল রয়েছে।এসপানোলা শহরে পরিকল্পনা পরিচালক পদে কাজ করতেন ২৭ বছর বয়সী মোহাম্মদ আফজাল হোসেন। তিনি পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন। সোমবার আলবুকারেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে তিনি গুলিবিদ্ধ হন।এরপরেই হত্যাকাণ্ডের শিকার হন আফতাব হোসেন নামের ৪১ বছর বয়সী এক যুবক। তিনি আফগান কমিউনিটির সদস্য। শহরের আন্তর্জাতিক জেলার কাছে ২৬ জুলাই তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে।
আর গেল ৭ নভেম্বর একটি হালাল সুপারমার্কেট ও ক্যাফের পার্কিংয়ে মরদেহ পাওয়া যায় মোহাম্মদ আহমাদির। তার বয়স হয়েছিল ৬২ বছর। সেন্টার অব নিউ মেক্সিকোর মুখপাত্র তাহির গুয়াবা বলেন, ‘আমরা এর আগে কখনো এতে ভীতসন্ত্রস্ত হইনি।’এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা দায়ীদের তথ্য দিতে পারলে পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।সংস্থাটির জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, যদি এগুলো উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড হয়, তবে ধর্মীয় বিদ্বেষমূলক হত্যার বিরুদ্ধে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।
