উত্তর কোরিয়ার জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এ হুমকি মোকাবিলায় দৃঢ় প্রতিরক্ষা গড়ে তুলতে হবে। প্রয়োজনে পরমাণু বাহিনী মোতায়েনেও প্রস্তুত আমরা। কথাগুলো বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার (২৭ জুলাই) উত্তর কোরিয়ার বিজয় দিবস (ভিক্টরি ডে) উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
১৯৫০ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন বছর পর ১৯৫৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যদিয়ে যুদ্ধের অবসান হয়। যুদ্ধবিরতির দিনটিকে বিজয় হিসেবে উদ্যাপন করে পিয়ংইয়ং।বুধবার ছিল যুদ্ধবিরতির ৬৯তম বার্ষিকী। এদিন রাজধানী পিয়ংইয়ংয়ে এক সমাবেশে বক্তব্য দেন কিম। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত নীতি’ যা আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেন, পিয়ংইয়ং যেকোনো সময় পারমাণকি অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। ২০১৭ সালে দেশটি সবশেষ পারমাণবিক পরীক্ষা চালায়। তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি, গত জুন পর্যন্ত ৮টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের ওই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে এদিন ভাষণে ওয়াশিংটন ও সিউলকে কঠোর হুঁশিয়ারি দেন কিম। বলেন, ‘কোরীয় যুদ্ধের ৭০ বছর পরও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে তার দেশের বিরুদ্ধে বিপজ্জনক, অবৈধ ও শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’
তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সশস্ত্রবাহিনী এখন যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত। আমাদের পরমাণু বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগেও প্রস্তুত।’ভাষণে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে কিম বলেন, দেশটির নতুন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সরকার ও সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে, যদি তিনি উত্তর কোরিয়ার ওপর আগে হামলা চালানোর নির্দেশ দেন।
উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্রের পরীক্ষার বিষয়ে বুধবার (২৬ জুলাই) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার পরীক্ষা চালালে উত্তর কোরিয়া শক্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এসব নিষেধাজ্ঞার মধ্যে তাদের সাইবার হামলার সক্ষমতায় লাগাম টানার ব্যবস্থাও থাকতে পারে।
