লিবিয়ায় দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩ জন। শুক্রবার (২২ জুলাই) রাজধানী ত্রিপোলির এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। শহরের জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর আল জাজিরার।

জরুরি সেবা বিভাগ জানায়, শহরের আইন জারা ও আসবা এলাকায় সংঘাতে জড়ায় দুই পক্ষ। এসব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। এদিন দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় বেশ কিছু গাড়ি।

নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর এ সংঘাতের জেরে ত্রিপোলির বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। সংঘাতের কারণ এখনও নিশ্চিতভাবে জানায়নি কর্তৃপক্ষ। রহস্য উদঘাটনে তদন্ত করছে নিরাপত্তা বাহিনী।