তীব্র দাবদাহে অতিষ্ঠ ব্রিটেনবাসী। দেশটিতে আশঙ্কাজনকহারে বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এ অবস্থায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।দক্ষিণ ইউরোপ থেকে প্রবাহিত গরম বাতাসে ব্রিটেনজুড়ে চলছে তীব্র দাবদাহ। ব্রিটেনের আবহওয়া বিভাগ বলছে, আগামী সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর আগে, ২০১৯ সালে ব্রিটেনের কেমব্রিজে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
তীব্র গরমকে এরই মধ্যে জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করছে ব্রিটিশ সরকার। প্রথমবারের মতো যুক্তরাজ্যের বেশকিছু এলাকার জন্য এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে।দাবদাহের কারণে ব্রিটেনে বাড়ছে অসুস্থ রোগীর সংখ্যা। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।লন্ডনের এক বাসিন্দা বলেন, এ মুহূর্তে বৃষ্টির খুব দরকার। বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা ভালো হতো। গরমের কারণে শর্টস এবং টি-শার্ট পরে বাইরে এসেছি। একজন পর্যটক বলেন, ‘আমি বেশ কয়েকবার লন্ডনে এসেছি। কিন্তু এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। খুবই গরম।’
আরেক বাসিন্দা বলেন, এখানে সবসময় বৃষ্টি হয়। আবহাওয়া মেঘলা থাকে। কিন্তু হঠাৎ করে গরম বেড়ে গেছে। ভালো লাগছে; তবে গরমটা একটু বেশি।এদিকে তীব্র দাবদাহ নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া দফতর এ সতর্কতা জারি করে।তাপমাত্রা বাড়ার কারণে মিডল্যান্ডস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। আরও কয়েক দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
