
রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে এক কেজি গাজা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী আছিয়া বিবি (৪৭) এবং একই এলাকার আকবর আলীর ছেলে উজ্জল হোসেন (২৮)। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আছিয়া বিবির ছেলে আরিফ হোসেন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় পালিয়ে যাওয়া আরিফ হোসেনকে পলাতক দেখানো হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ আছিয়া বিবির বাড়িতে অভিযান চালায়। এ সময় গাজা বিক্রয় কালে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের নিকট থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আছিয়া বিবি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল এমন খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে গাজা সহ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
