পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়ানোর অবস্থানে রয়েছে। অন্য কোনো দেশের ভূরাজনৈতিক খেলার দাবার বোর্ড না হয়ে নিজেদের স্বার্থ ও শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত। তবে দেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ নিশ্চিত করা।
তিনি বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির প্রভাব মোকাবিলা করতে হয়েছে। এতে দেশের সামনে দুটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এর একটি ছিল অপ্রত্যাশিত জ্বালানি সংকট, অন্যটি উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও স্বার্থ।
জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন জ্বালানির নতুন উৎস ও সরবরাহের ক্ষেত্র বৈচিত্র্যময় করার দিকে গুরুত্ব দিচ্ছে। দেশের নিজস্ব গ্যাস ও এলএনজির সম্ভাব্য উৎস রয়েছে, যেগুলোর অনেকগুলো আগে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে এসব উৎস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে।
পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। দেশের প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে আরও স্বনির্ভর করার লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিনের এই সংকট দেশের অর্থনীতির ওপরও চাপ তৈরি করেছে। তবে মানবিক বিবেচনায় বাংলাদেশ বিষয়টিতে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান বজায় রেখেছে।তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসনের পথ তৈরি করতে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র, অংশীদার, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



মন্তব্য করুন