রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো ১৪ আসামি হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)।
এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ ১৪ আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় ফারজানা (২১) নামে আরও একজনকে এক দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর বিকেলে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় ওই বাসার একটি কক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্ত লেখা ২০টি পৃষ্ঠা উদ্ধার করা হয়। মামলার তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য করুন