ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ। বিভিন্ন প্রতিবেদনে ৭০০-এর বেশি বিক্ষোভকারী আটকের কথা জানানো হয়েছে।

দিল্লি পুলিশ আগে থেকেই বিক্ষোভের অনুমতি দেয়নি। এরপর যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ব্যারিকেড বসানো হয় এবং বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী জমায়েতের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়।

দিল্লি মেট্রো রেল করপোরেশন জানিয়েছে, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মন্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাঁদনি চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নয়াদিল্লি, ১১টি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়। তবে কয়েকটি স্টেশনে আন্তঃসংযোগ সুবিধা চালু ছিল।

দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদেরও গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভস্থল ও আশপাশের এলাকা থেকে প্রথমদিকে প্রায় ৫০০ জনকে আটক করা হয়। পরে পুলিশ ৭০০-এর বেশি আটকের কথা জানায়। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের নেতাকর্মী ছিলেন।

আটক ব্যক্তিদের মধ্যে আম আদমি পার্টির দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ, সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী, রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং, আরজেডি নেতা মনোজ ঝা, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদবের নাম রয়েছে।

বিক্ষোভকারীদের মূল দাবির মধ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন অভিযোগ করছে, ভোটার তালিকা সংশোধনের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় আইন মেনে চলার কথা জানিয়েছে এবং অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরেও জ্ঞানেশ কুমার ও এসআইআরকে ঘিরে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ মুম্বাইয়ে আন্দোলনের ডাক দিয়েছে। দলটির পাশাপাশি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।