ঢাকা
১৪ জুলাই ২০২৬

শ্রীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৪৬ বার পঠিত
শ্রীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে নাছিমা আক্তার (২৭) নামে এক গার্মেন্টসকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার মজনু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা।

নিহত নাছিমা আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে এবং শ্রীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

নাছিমার ভাই মাসুম আহমেদ জানান, তিনি একই এলাকার অন্য একটি ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে কাজ করেন। রাত সাড়ে ৩টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বোনের বাসায় গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী সাইদুল ইসলাম পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় নাছিমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম আহমেদের দাবি, বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। পরে সাইদুল মাদকাসক্ত হয়ে পড়েন, যা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হতো। দুটি সন্তানের কথা বিবেচনা করে নাছিমা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তার অভিযোগ, পারিবারিক বিরোধের জেরেই সাইদুল ধারালো অস্ত্র দিয়ে নাছিমাকে হত্যা করেছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, নাছিমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সাইদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa