ঢাকা
১৪ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ড পেয়ে সন্তানদের লেখাপড়ায় অর্থনৈতিক যোগান দিতে পারছি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ৪২ বার পঠিত
ফ্যামিলি কার্ড পেয়ে সন্তানদের লেখাপড়ায় অর্থনৈতিক যোগান দিতে পারছি

এক দিনের বরিশাল সফরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত এ সভায় উপকারভোগী ৬১৭ জন নারীর মধ্যে তিনজন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় পারুল আক্তার নামে এক উপকারভোগী বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার আগে তাঁর সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। অর্থাভাবে প্রাইভেট পড়ানো ও পরিবারের খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছিল। ফ্যামিলি কার্ড পাওয়ার পর সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া এবং পরিবারের ব্যয় নির্বাহে তিনি আর্থিকভাবে কিছুটা স্বস্তি পেয়েছেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের পরপরই ফ্যামিলি কার্ড হাতে পেয়েছেন তাঁরা। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে কাজ করে যাবে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা প্রয়োজন।

এর আগে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা তাঁকে স্বাগত জানান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa