এক দিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি সকাল সাড়ে ৯টার দিকে বরিশালে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর।
বরিশালে পৌঁছে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, তিনি গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেষ মুহূর্তে এ কর্মসূচিটি প্রধানমন্ত্রীর সফরসূচিতে যুক্ত করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজ হাতে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। একই সঙ্গে ওই এলাকায় শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতা, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।