বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য নগদ ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কেনা যাবে। আগে এই সীমা ছিল ২ হাজার ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার আওতায় লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একবারে সর্বোচ্চ ৩ হাজার ডলার নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশযাত্রায় বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন গ্রাহকের বার্ষিক ভ্রমণ কোটায় অবশিষ্ট থাকা বৈদেশিক মুদ্রা সংশ্লিষ্ট কোটার পরিমাণ ও মুদ্রার প্রাপ্যতা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য মুদ্রার নোট ও মুদ্রা হিসেবেও দেওয়া যাবে।
নতুন সিদ্ধান্তের ফলে বিদেশগামী যাত্রীরা মানি চেঞ্জার থেকে আগের তুলনায় একবারে বেশি নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারবেন। তবে এ সুবিধা ব্যক্তিগত ভ্রমণ কোটার প্রযোজ্য সীমার মধ্যে কার্যকর হবে।

মন্তব্য করুন