সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। একই সঙ্গে এসব হামলা নিরীহ মানুষের জীবন বিপন্ন করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। বাংলাদেশ অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে ঢাকা।