ঢালিউডের নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে। ‘আমলনামা’ সিনেমায় তমার অভিনয়ের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রাফী। আর তাতেই নতুন করে আলোচনায় এসেছে একসময় এই পরিচালক ও অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ।

সম্প্রতি তমা মির্জার সঙ্গে একটি ছবি প্রকাশ করে ‘আমলনামা’ নির্মাণের অভিজ্ঞতা ও নিজের অনুভূতির কথা তুলে ধরেন রায়হান রাফী। সিনেমাটির শেষ দৃশ্যে তমার অভিনয় তাঁকে আবেগাপ্লুত করেছিল বলে জানান তিনি।

রাফীর ভাষ্য অনুযায়ী, শেষ দৃশ্যের শুটিংয়ের সময় তমার হৃদয়স্পর্শী অভিনয়ে সেটে উপস্থিত সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পরবর্তী সময়ে দর্শকদের মধ্যেও একই আবেগের প্রতিফলন দেখতে পেয়ে সিনেমাটি নির্মাণের পুরো যাত্রা তাঁর কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।

নির্মাতা ‘আমলনামা’কে নিজের বিশেষ একটি কাজ হিসেবে উল্লেখ করেছেন। ভালোবাসা, আস্থা এবং একটি দক্ষ দলের সম্মিলিত প্রচেষ্টায় সিনেমাটি তৈরি হয়েছে বলে জানান তিনি। চলচ্চিত্রটির স্বীকৃতি পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাফী।

অন্যদিকে, রায়হান রাফীর পোস্টের মন্তব্যের ঘরে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তমা মির্জাও।

সম্প্রতি ‘দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ‘আমলনামা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। একই সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন রায়হান রাফী। তাঁদের এই অর্জন চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

চরকিতে মুক্তি পাওয়া ‘আমলনামা’ একটি মৌলিক চলচ্চিত্র। এর গল্পে সত্য ঘটনা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া উঠে এসেছে।

একসময় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় থাকা রায়হান রাফী ও তমা মির্জা আবারও সংবাদমাধ্যমের শিরোনামে এলেও নির্মাতার সাম্প্রতিক পোস্টটি মূলত তমার অভিনয় ও চলচ্চিত্রটির অভিজ্ঞতা ঘিরেই। পুরোনো সম্পর্ক নিয়ে নতুন কোনো মন্তব্য করেননি রাফী।