ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও নতুন সাজে ভক্তদের নজর কেড়েছেন। এবার কালো পোশাকে পুরোনো দিনের রাজকীয় আভিজাত্য ফুটিয়ে তুলেছেন তিনি। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না ও নান্দনিক সাজে তাঁর নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাঁকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে থাকা সোনালি-রুপালি নকশা তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
চুলে ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত চুলের অলংকার। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি চোখের সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামার। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল এবং হাতে সোনালি বালা—সব মিলিয়ে রাজকীয় রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর পেছনের আয়োজনেও ছিল ভিন্নতা। প্রাচীন গ্রামোফোন ও উষ্ণ আলোর আবহে কখনো মিষ্টি হাসি, আবার কখনো গভীর চাহনিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পরীমনি। তাঁর পুরো সাজে আভিজাত্য ও নান্দনিকতার মিশেল দেখা গেছে।
পরীমনির নতুন এই রূপে মুগ্ধ ভক্তরা। পোশাক, গয়না ও ছবির নান্দনিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন অনেকে।
এদিকে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন পরীমনি। কাজের ফাঁকে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তিনি। সঙ্গে রয়েছে তাঁর সন্তানেরাও। শনিবার সকালে সমুদ্রসৈকতের সামনে মেয়েকে নিয়ে একটি ছবি প্রকাশ করে ভক্তদের শুভ সকাল জানান অভিনেত্রী।

মন্তব্য করুন